নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

৪৩ দিন পর নগর ভবনে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি নগর ভবনে পৌঁছান। সেখানে পৌঁছে ভবনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন।

নগর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহজাহান মিয়া বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ হাতে নিচ্ছি। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।

এ সময় তিনি ডিএসসিসির সব প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। তাঁর আহ্বানের পর পরই সংস্থার প্রকৌশল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে নগর ভবনে প্রবেশ করতে দেখা যায়।

নগর ভবনে প্রশাসকের আগমন উপলক্ষে তাঁকে অভ্যর্থনা জানান জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবু। তাঁরা বলেন, “ঢাকাবাসীর স্বার্থে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।” সাংবাদিকদের সঙ্গে আলাপে আরিফ চৌধুরী জানান, বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের প্রশাসন ও প্রকৌশল বিভাগকে সহযোগিতার নির্দেশনা দিয়েছেন।

গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন তাঁর সমর্থকেরা। আন্দোলনের কারণে গত এক মাসেরও বেশি সময় ধরে প্রশাসক মো. শাহজাহান মিয়া নগর ভবনে ঢুকতে পারেননি।

গত রোববার ইশরাক হোসেনের সমর্থকেরা তাঁদের আন্দোলন কিছুটা শিথিল করে নগর সেবা সচল রাখার ঘোষণা দেন। যদিও তখনও প্রশাসনিক ও প্রকৌশল বিভাগের কাজ বন্ধ রাখার ঘোষণা বহাল ছিল।

All Categories