নগর ভবনে আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে কর্মসূচি চলাকালে ডিএসসিসির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সচিব রেজাকে নগর ভবনে অবাঞ্ছিত ও প্রতিহত করার ঘোষণা দেন তারা।

বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে বিক্ষোভকারীরা। মিছিলটি গুলিস্তান মাজার, জিরো পয়েন্ট, পল্টন, প্রেসক্লাব, শিক্ষাভবন ও বঙ্গবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে ফিরে আসে।

‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ডিএসসিসির আওতাধীন এলাকার কয়েক হাজার বাসিন্দা অংশ নেন। নগর ভবনের সামনে সকাল থেকেই অবস্থান নেন তারা। এ সময় নগর ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ।

বিক্ষোভে অংশ নিয়ে সমর্থকরা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকার পরও ইশরাক হোসেনকে মেয়রের শপথ নিতে দেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করেন, সরকারের সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভূমিকার কারণেই এ বিলম্ব ঘটছে।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেন—‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’।

মিছিল শুরুর আগে পুলিশের পক্ষ থেকে সচিবালয় অভিমুখে যাত্রার পথে বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়। ফলে পূর্বঘোষিত ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ভেস্তে যায়।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে চলতি বছরের ২৭ মার্চ এক রায়ে নির্বাচন ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায় এবং ২৭ এপ্রিল ইশরাকের নামে গেজেট প্রকাশ করে।

তবে এখনও তার শপথ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছেন তার সমর্থকরা। তারা জানিয়েছেন, শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

All Categories