নেতাদের তেল না দিয়ে, রিজার্ভ রাখেন পরে কাজে লাগবে: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের রাজনৈতিক দলের নেতাদের কাছে ‘তেলবাজি’ না করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতে, জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণই পুলিশের মূল দায়িত্ব, কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়া নয়।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো দলকে বিশেষ সুবিধা দেবেন না বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাদের সব কাজ জনস্বার্থে এবং আইনের ভিত্তিতে পরিচালিত হয়।
রসিকতার ভঙ্গিতে তিনি আরও বলেন, এখন যদি তেল দেওয়া শুরু করেন তাহলে নির্বাচনের পর কিন্তু আপনাদের তেল শেষ হয়ে যাবে। তাই যার কাছে যত তেল আছে সেটা রিজার্ভ করে রাখুন, পরে কাজে লাগাতে পারবেন।
রাজবাড়ী ও চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, গত কয়েক দিনের ঘটনায় খানিকটা খারাপ হয়েছে। আমরা আগের অবস্থায় ফেরাতে কাজ করছি।
রাজবাড়ীর ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে। কারও গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ না করে কাউকে দোষী বলা যাবে না। তদন্তে দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম হুমকি ছড়ালেও কেন মব ঠেকানো গেল না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্যর্থ হইনি। সমস্যা হলো, সমাজে ধৈর্যের ঘাটতি বেড়েছে। যারা আইন ভেঙেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
নির্বাচনকে ঘিরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নির্বাচনের সময় জনগণ যখন ভোটমুখী হয়ে যাবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে।