নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে রাশনা ইমামের নেতৃত্বে স্বাধীন কমিটি করল বিসিবি
নারী ক্রিকেটারদের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ নেওয়া এবং সেগুলোর তদন্ত করতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেয়েদের ক্রিকেটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
কমিটির নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে ছিলেন তিনি, সে সময় বোর্ডের নারী উইংয়ের দায়িত্বও সামলেছেন। রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
কমিটির বাকি সদস্যদের মধ্যে আছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। এর বাইরে একজন সাবেক ক্রিকেটারকেও কমিটিতে নেওয়া হবে, যদিও তার নাম এখনো ঠিক হয়নি।
বিসিবির সঙ্গে যুক্ত কাউকে এই কমিটিতে রাখা হয়নি। ফলে তদন্তে বোর্ডের ভেতরের প্রভাব বা স্বার্থের সংঘাতের সুযোগ কম থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বোর্ডের নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এমন একটি কমিটির দাবি ছিল, যা এখন পূরণ হলো। যেকোনো ক্রিকেটার চাইলে এই কমিটির কাছে এসে নিজের অভিযোগ জানাতে পারবেন।
নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায়ও তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।