মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান যান চলাচল বন্ধ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। টানা সাত দিন ধরে এই কর্মসূচি চালালেও বুধবার সকালে নতুন করে তারা নগর ভবন ছেড়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন সকাল থেকেই মৎস্য ভবন ও শিল্পকলা একাডেমি এলাকায় অবস্থান নেন ইশরাকের শতাধিক কর্মী-সমর্থক। তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে।
গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিটটি দায়ের করেন। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত এবং ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে তাকে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইশরাক হোসেন।
তবে ভোটে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করেন ইশরাক। পরে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদ থেকে অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার।
বর্তমানে গেজেট প্রকাশিত হলেও মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। এ নিয়ে তার সমর্থকদের টানা আন্দোলন চলছে।