মোসাদের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম ও আল-জাজিরা।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলাটি একটি ‘সংবেদনশীল স্থানে’ আঘাত করেছে বলেও দাবি করা হয়।

এদিকে তেহরানে মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

আইআরএনএ আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও বিভিন্ন কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া অভিযানে একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়।

দেশটির পুলিশ মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা মোসাদের হয়ে কাজ করছিলেন। তারা ইরানের ভেতরে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিলেন।’

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এসব ‘গোপন ও গোয়েন্দা তৎপরতা’ মোকাবিলায় তাদের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও এখনো এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

All Categories