'মঞ্চ ৭১'-এর অনুষ্ঠানে 'ছাত্র-জনতা'র মব: লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত অনুষ্ঠানে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আটকদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের অভিযোগ, তাঁদের বলা হয়েছিল এটি মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান।
সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না।
অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ১৫–২০ জন যুবক ভেতরে প্রবেশ করে স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আওয়ামী লীগের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন। একপর্যায়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটকে রাখেন। এতে ভেতরে আতঙ্ক তৈরি হলে অনেকে পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ সাংবাদিকদের বলেন, মোট ১৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বুলবুল আহমেদ বলেন, আমি কোনো মামলার আসামি নই। বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি। অথচ আজ স্বাধীন বাংলাদেশে মবের শিকার হলাম। আমার গলা চেপে ধরা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে।
আরেক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। আজ স্বাধীন দেশে আমরা হেনস্তার শিকার হচ্ছি।