মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পাশের কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পাশের রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার কাজও চলছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুতই পোশাক কারখানা থেকে রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। নিয়ন্ত্রণে আসার পর তদন্ত কমিটি গঠন করে বিস্তারিত জানা যাবে।

All Categories