মেয়েকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। ওই দিন বেলা ১১টার পর তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার। খবর বিবিসি বাংলার।

আব্দুস সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সময় তাঁর মেয়ে জাইমা রহমানও তাঁর সঙ্গে থাকবেন।

এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসা সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাভোগ করেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এর এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা।

All Categories