মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, কমপক্ষে ১২ জন নিহত

ধর্মীয় উৎসব চলাকালে আততায়ীদের গুলিতে প্রাণ গেল অন্তত ১২ জনের। বুধবার রাতে মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

স্থানীয় প্রশাসন জানায়, সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে নাচে-গানে মেতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে অনেকেই অংশ নেন, কেউ কেউ মদ্যপ অবস্থাতেও ছিলেন। ঠিক তখনই একদল বন্দুকধারী হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি বহুতলের বারান্দায় অনেকে গান-বাজনায় অংশ নিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে ভয়ে ছুটোছুটি শুরু করেন তাঁরা। আততায়ীরা গুলি চালিয়ে পালিয়ে যান।

ইরাপুয়াতোর একজন কর্মকর্তা রোডোলফো গোমেজ সার্ভান্তেস জানিয়েছেন, ঘটনার পর থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের খুঁজে পেতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। এক বিবৃতিতে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্য গুয়ানাহুয়াতো দেশটির অন্যতম সহিংস এলাকা হিসেবে পরিচিত। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেখানে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মাসেও ওই রাজ্যের সান বার্তোলো দে বেরিওস শহরের একটি ক্যাথলিক অনুষ্ঠান চলাকালে গুলিতে সাতজন নিহত হন।

নতুন এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার সংগঠনগুলো।

All Categories