মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ১৪ জন যাত্রীসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে এবং ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একই পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ চার সদস্য হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। নিহত নারী এবং নিখোঁজরা কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, হতাহতরা বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওয়ানা দেন। সোনাময়ী এলাকায় পৌঁছানোর পর ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং ৯ জনকে জীবিত ও রায়েসাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এছাড়া, একই ট্রলারে দুটি গরু ও একটি খাসিও পারাপার করা হচ্ছিল বলে জানা গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনকে উদ্ধারে তাদের ডুবুরি দল গিয়েছিল, তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু হবে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’