মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর চিকিৎসার উদ্দেশে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আবদুল হামিদের সঙ্গে তাঁর ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান রয়েছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) ইমিগ্রেশন, এইসএসআইএ শিফট-১ এর বিশেষ পুলিশ সুপার জানান, সাবেক রাষ্ট্রপতির ভিসা ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, দেশীয় চিকিৎসকদের পরামর্শেই তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

গত কয়েক মাসে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তবে সেসব মামলায় আবদুল হামিদের নাম না থাকলেও ১৪ জানুয়ারির মামলায় তিনিও আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

All Categories