মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
রোববার জারি করা এক বিবৃতিতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে। আকাশপথ আংশিকভাবে বন্ধ থাকায় চলাচলে জটিলতা দেখা দিতে পারে।
পররাষ্ট্র দপ্তর সতর্কবার্তায় আরও জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ, সহিংসতা বা অস্থিরতার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় নাগরিকদের চলাচলের সময় বাড়তি সতর্কতা বজায় রাখতে এবং ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।