‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে জনতার ঢল, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ-এর আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

বেলা তিনটার কিছু পর শুরু হওয়া এই কর্মসূচিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উদ্যান এলাকা। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ধ্বনিতে প্রকম্পিত হয় সমাবেশস্থল। আয়োজক সংগঠনের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

গণজমায়েতে ইসলামি বক্তা, সামাজিক সংগঠনের নেতা, ছাত্র-তরুণ, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ উদ্যানমুখী হন। পিকআপ ভ্যান ও ট্রেনের ছাদে করেও বহু মানুষকে কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়।

সকাল থেকেই শহরের শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, বিজয় সরণি, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তেজগাঁও ও খিলগাঁও এলাকা থেকে হাজারো মানুষ কর্মসূচিতে অংশ নিতে পথে নামেন। এতে এসব এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

‘মার্চ ফর গাজা’ ইভেন্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ প্রচার পায়। আগেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা এতে অংশগ্রহণের ঘোষণা দেন।

আয়োজকেরা জানান, এ কর্মসূচির লক্ষ্য হলো ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা।

All Categories