মানবতাবিরোধী অপরাধ: অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবে না

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে তিনি সংসদ সদস্যসহ কোনো জনপ্রতিনিধি বা সরকারি পদে থাকতে পারবেন না। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এ নতুন ধারা সংযোজন করা হয়েছে। ওই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনের সেকশন ৯ (১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।

তিনি আরও জানান, মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলে কোনো ব্যক্তি স্থানীয় সরকার পরিষদের সদস্য, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও দায়িত্ব নিতে পারবেন না। একই সঙ্গে তিনি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া কিংবা অন্য কোনো সরকারি পদে থাকারও অযোগ্য বিবেচিত হবেন।

All Categories