লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত থেকে কারফিউ জারি করা হয়েছে। শহরের মেয়র কারেন বাস এ ঘোষণা দিয়েছেন।

মেয়র জানিয়েছেন, কারফিউ প্রতি রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি কয়েক দিন চলতে পারে।

অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চার দিন ধরে লস অ্যাঞ্জেলেসজুড়ে চলছে বিক্ষোভ। এ পরিস্থিতি সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেল বলেন, গত চার দিনে অন্তত ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মঙ্গলবারই প্রায় ২০০ জনকে আটক করা হয়।

মেয়র কারেন বাস জানান, বিক্ষোভের সময় বিভিন্ন স্থানে ভাঙচুর ও লুটপাট হয়েছে। চার দিনে অন্তত ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবাদ কেবল ক্যালিফোর্নিয়া রাজ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ইতিমধ্যে বোস্টন, হিউস্টন এবং ফিলাডেলফিয়াতেও ছড়িয়ে পড়েছে।

অবস্থা সামাল দিতে গত রোববার (৮ জুন) লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। তবে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম এই পদক্ষেপের বিরোধিতা করে একে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন এবং দ্রুত সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসননীতির বিরোধিতায় শুরু হওয়া এই আন্দোলন এখন সহিংস রূপ নিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবিধানিক অধিকার রক্ষা করতে স্থানীয় সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

All Categories