লেবুর দেশে ১ লেবুর দাম ২৫ টাকা !

দ্য প্রেস ডেস্ক

পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিলেটে লেবুর দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। ১০ দিন আগে যেসব লেবু ৫ টাকায় বিক্রি হতো, এখন সেগুলোর দাম ২০ থেকে ২৫ টাকা। তবে অন্যান্য সবজির দাম এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে।

শনিবার সন্ধ্যার পর সিলেটের বিভিন্ন বাজার, বিশেষ করে রিকাবিবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। স্থানীয় বিক্রেতারা জানান, রমজান মাসে ইফতারের সময় লেবুর শরবতের চাহিদা অনেক বেড়ে যায়, তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম হঠাৎ বেড়ে গেছে।

বাজারে গিয়ে জানা গেছে, মাত্র দেড় সপ্তাহ আগে মাঝারি আকারের লেবুর প্রতি হালির দাম ছিল ১৫ থেকে ২০ টাকা, কিন্তু এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। বড় আকারের লেবুর প্রতি হালির দাম এখন ১০০ থেকে ১৫০ টাকা, যা আগে ছিল ৩০ থেকে ৫০ টাকা।

রিকাবিবাজার এলাকার এক সবজি ব্যবসায়ী মো. হেলাল মিয়া দ্য প্রেসকে জানান, "আজ সন্ধ্যার পর ১০০টি লেবু এনেছিলাম, রাত সাড়ে ১১টা পর্যন্ত এক হালি বাদে সব লেবু বিক্রি হয়ে গেছে। পাইকারি বাজারে লেবুর দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে দামও অনেক বেড়েছে।"

বন্দরবাজার এলাকার ভ্রাম্যমাণ বিক্রেতা মো. আছলম বলেন, "এখন লেবুর মৌসুম নয়, তাই সরবরাহ কম। চাহিদা থাকলেও ক্রেতারা লেবু পাচ্ছেন না, তাই দাম বেড়ে গেছে।"

বাজারে আরও কিছু ক্রেতা জানান, অন্যান্য সবজির সরবরাহ বেশি থাকলেও, লেবুর দাম বৃদ্ধি তাদের জন্য অস্বস্তিকর। তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন বাজার তদারকি করলে দাম কিছুটা সহনীয় অবস্থায় আসবে।

মদিনা মার্কেটের পাঠানটুলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুর দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। যদি প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করত, তাহলে এমনভাবে দাম বাড়ানো সম্ভব হতো না।"

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ দ্য প্রেসকে জানান, "রমজান মাসে যেন কেউ অতিরিক্ত দাম না বাড়াতে পারে, সেজন্য জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করবে। লেবুর দাম বাড়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

All Categories