লাহোরে বিস্ফোরণ, ভূপাতিত ভারতীয় ড্রোন: আল-জাজিরা

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। একই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের জিও টিভিও।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করার খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেটি ভারতের ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

তবে এখনো পর্যন্ত পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ড্রোনটি কী ধরনের ছিল বা তা কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

এদিকে সম্প্রতি পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে দুই শিশুসহ ৩১ জন নিহত এবং অন্তত ৫৭ জন আহত হন। জবাবে রাতেই সীমিত পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে, যাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ৪৩ জন আহত হন।

সীমান্তে চলমান এই উত্তেজনা ঘিরে দুই দেশের মধ্যে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহলের নজরও এখন দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশেকে ঘিরে ।

All Categories