কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে ককটেল, চোখে আঘাত পেলেন কনস্টেবল, আটক তিন

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছে। বিস্ফোরণে গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বনানীর দিক থেকে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানার ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িচালক এনামুলের বাঁ চোখে আঘাত লাগে।

আহত কনস্টেবলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তার চিকিৎসা চলছে।

ওসি জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের পরিচয় যাচাই চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় মিছিলটি বের হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে মিছিলকারীরা দ্রুত এলাকা ছেড়ে চলে যান। সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

All Categories