কর্মসূচি-বৃষ্টি-জলাবদ্ধতায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে আধাঘণ্টার টানা বৃষ্টি আর রাজপথে রাজনৈতিক কর্মসূচির কারণে চরম যানজটে নাকাল হয়ে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও ছাত্রদলের একাধিক দাবির প্রেক্ষিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালিত হওয়ায় যান চলাচলে বিপর্যয় নেমে আসে।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নেন। একই সময়ে শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্রদল অবস্থান কর্মসূচি শুরু করে। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হওয়ায় তারা এই কর্মসূচিতে নেমেছেন।

একযোগে এসব কর্মসূচির ফলে রাজধানীর একাধিক সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতির আরও অবনতি হয় দুপুরের দিকে হঠাৎ নামা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে। ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল, গ্রীনরোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

দুপুর সাড়ে ১২টার দিকে বাটা সিগন্যাল এলাকায় আটকে থাকা এক যাত্রী বলেন, বাস চলছিল না, বাধ্য হয়ে বাস থেকে নেমে হাঁটছি। হাঁটু সমান পানি, চারপাশে থেমে আছে গাড়ি।

নিউমার্কেটের একটি বিপণিবিতানের বিক্রয়কর্মী জানান, বৃষ্টির পানি দোকানে ঢুকে পড়েছে, বিক্রি তো হচ্ছেই না, উল্টো ক্ষয়ক্ষতির মুখে পড়েছি।

এদিকে, উত্তরা থেকে গুলিস্তানগামী এক বাসচালক বলেন, এক ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। সামনে-পেছনে গাড়ির লাইন, গুলিস্তান কত দূর কে জানে!

আজিমপুরের বাসিন্দা হাসান বলেন, “জরুরি কাজে মতিঝিল যাচ্ছিলাম। মৎস্য ভবন মোড়েই আধাঘণ্টা দাঁড়িয়ে আছি। নড়তে পারছি না।”

গুগল ম্যাপ ও ট্রাফিক অ্যালার্ট গ্রুপ সূত্রে জানা গেছে, শাহবাগ, সেগুনবাগিচা, মালিবাগ, মগবাজার, পান্থপথ, কারওয়ান বাজার, এয়ারপোর্ট রোড, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও মহাখালী এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়েছে।

রাজধানীবাসী মনে করছেন, সামান্য বৃষ্টি ও রাজনৈতিক কর্মসূচির জেরে পুরো নগরী অচল হয়ে পড়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন দুর্ভোগ থেকে পরিত্রাণে সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও সময়োপযোগী সিদ্ধান্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

All Categories