কর্মবিরতিতে অচল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (২৬ মে) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে শুরু হয়েছে পূর্ণাঙ্গ কর্মবিরতি। সকাল ৯টা থেকেই ভবনের প্রধান ফটক ও দোতলায় অবস্থান নিয়েছেন এনবিআরের শুল্ক, আয়কর ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে এনবিআরের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলন ইতোমধ্যেই অর্ধদিবস ও সীমিত কর্মবিরতির পর এবার পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এনবিআর ভবনের দুইটি প্রধান ফটক বন্ধ রয়েছে। কর্মকর্তারা হেঁটে ভবনে ঢুকছেন, গাড়ি চলাচল বন্ধ।

সকাল থেকে ভবনের বৈদ্যুতিক সিঁড়িগুলো বন্ধ রাখা হয়, পরে একটি সিঁড়ি চালু করা হয়। নিরাপত্তাজনিত কারণে ভবনের প্রধান প্রবেশপথের বৈদ্যুতিক নিরাপত্তা পয়েন্টও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভবনের ভেতরে ও বাইরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, রয়েছে নারী পুলিশও।

সরকার গত ১২ মে একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।

আন্দোলনকারীদের চার দফা দাবি-এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ অবিলম্বে বাতিল। এনবিআর চেয়ারম্যানকে অপসারণ। রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ।এনবিআরের প্রস্তাবিত খসড়া ও সুপারিশে ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজস্ব সংস্কার বাস্তবায়ন।

শনিবার বিকেলে আন্দোলনকারীরা দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।

রোববার: রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন ব্যতীত সকল দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ কর্মবিরতি।

সোমবার: আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সকল দপ্তরে পূর্ণ কর্মবিরতি পালিত হবে।

এনবিআরের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তাদের অভিযোগ, সংশ্লিষ্টদের কোনো ধরনের পরামর্শ বা আলোচনা ছাড়াই হঠাৎ এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা শুধু প্রতিষ্ঠানের কাঠামোগত স্থিতি নয়, বরং রাজস্ব আহরণ প্রক্রিয়াকেও হুমকির মুখে ফেলবে।

All Categories