করিডর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি, হবেও না: নিরাপত্তা উপদেষ্টা
রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে বাংলাদেশের সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. খলিলুর রহমান বলেন, করিডোর সাধারণত ব্যবহৃত হয় দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি অবস্থায় মানুষ সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমরা কাউকে সরিয়ে নিচ্ছি না। কাজেই এখানে করিডোরের প্রশ্নই আসে না।
তিনি জানান, জাতিসংঘের পক্ষ থেকে শুধু সীমান্ত এলাকায় অবস্থান করা মানবিক সহায়তা বাংলাদেশের পক্ষ থেকে রাখাইন রাজ্যে প্রবেশে সহায়তার অনুরোধ এসেছে। জাতিসংঘ তার সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে রাখাইনের অভ্যন্তরে মানবিক সহায়তা পাঠাবে। আমাদের শুধু বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে সহায়তা পাঠাতে যেন আমরা সহযোগিতা করি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—মানবিক করিডোর নিয়ে আমরা কারও সঙ্গে কোনো আলোচনা করিনি এবং করবও না।
রাখাইনের পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, আরাকানের পরিস্থিতি এমন নয় যে সেখানে করিডোর খোলার প্রয়োজন আছে। করিডোর স্থাপন করে লোকজন আনা-নেওয়ার কোনো প্রাসঙ্গিকতা নেই।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও মন্তব্য করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, আরাকানে অস্থিতিশীল পরিস্থিতি যতদিন থাকবে, ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হবে না। সে কারণে প্রত্যাবাসন নিয়ে কৌশলগত আলোচনা করাটাও সম্ভব নয়।
‘অনেকে বলছেন, করিডোর নিয়ে আলোচনা হয়েছে। আমি বলব, একটি অস্তিত্বহীন বিষয় নিয়ে আমরা কীভাবে আলোচনা করব?’— বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।