খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কারা বা কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন।