খামেনিকে হত্যা থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেন ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে সেই পরিকল্পনায় ‘না’ বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিবিএস নিউজ, যারা যুক্তরাজ্যের বিবিসির সংবাদ সহযোগী।

সিবিএসের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর ইসরায়েলের সর্বশেষ হামলার পর দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়। সেখানেই ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, খামেনিকে হত্যার পরিকল্পনা 'ভালো কোনো আইডিয়া নয়'। এমন মন্তব্যে ট্রাম্প ওই পরিকল্পনার বিরোধিতা করেন বলেই ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানায়, এ পরিকল্পনায় ট্রাম্প সরাসরি ‘ভেটো’ দেন। যদিও এ বিষয়ে জনসমক্ষে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে যখন এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। রয়টার্সের রিপোর্টের সত্যতা নিশ্চিত না করলেও তিনি তা পুরোপুরি অস্বীকারও করেননি।

নেতানিয়াহু বলেন, এ ধরণের সংলাপ নিয়ে অনেক ভুয়া রিপোর্ট ছড়ায়, যেগুলো আদৌ ঘটে না। আমি সেইসব বিষয়ে কথা বলতে চাই না। তবে একটা কথা নিশ্চিত করে বলতে পারি—আমরা যা করা দরকার, তাই করব। এবং আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কী ভালো হবে। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

খবরে বলা হয়, ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের পক্ষ থেকে খামেনিকে হত্যার পরিকল্পনার কথাও আসে আলোচনায়। তবে যুক্তরাষ্ট্রের আপত্তির পর সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয় বলে ধারণা করা হচ্ছে।

All Categories