খামেনিকে ‘আর বাঁচতে দেওয়া যায় না’, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর বাঁচতে দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (১৯ জুন) তেল আবিবের উপকণ্ঠ হোলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এএফপির প্রতিবেদনে জানানো হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবার একটি হাসপাতালে আঘাত হানার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
ইসরায়েল কাটজ বলেন, “খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে হামলার নির্দেশ দিয়েছেন। তার লক্ষ্য, ইসরায়েলকে নিশ্চিহ্ন করা। এ ধরনের একজন ব্যক্তিকে আর বাঁচতে দেওয়া যায় না।”
সম্প্রতি ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ বিভিন্ন আবাসিক এলাকাও এই হামলায় আক্রান্ত হয়।
জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান। সর্বশেষ বুধবার রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।
ইসরায়েলও পাল্টা জবাবে তেহরান ও আশপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।
ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস’ জানিয়েছে, যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।