খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল টিম এভারকেয়ারে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

ডা. মামুন জানান, যুক্তরাজ্য থেকে আসা দলের নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক ডা. রিচার্ড বিলি। তিনি বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন মনে করে। সেই কারণেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা মিলবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতোমধ্যে বিদেশি চিকিৎসকদের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিবেদন ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য শেয়ার করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি বিশেষজ্ঞরা প্রাথমিক পর্যায় থেকেই রোগীর অবস্থা মূল্যায়ন করে স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করবেন।

All Categories