খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে স্থানান্তরের জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার কিছু পরই বিমানবন্দরে নামার কথা রয়েছে বিশেষায়িত এ ফ্লাইটটির।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময় অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি সকালে ঢাকায় নামবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। রাতে প্রায় ৯টার দিকে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা। তিনি আরও বলেন, খালেদা জিয়ার মেডিক্যাল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার চিকিৎসায় অংশ নিচ্ছেন লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তাব থাকলেও এখনো মেডিক্যাল বোর্ড থেকে চূড়ান্ত ‘গ্রিন সিগন্যাল’ মেলেনি। বোর্ড সম্মতি দিলেই তাকে লন্ডনে নেওয়া হবে বলে দলের সূত্রগুলো জানিয়েছে।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চার মাস চিকিৎসা শেষে ৫ মে একই ব্যবস্থায় তিনি দেশে ফেরেন।