খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না। সংস্থাটি আপাতত তাদের নির্ধারিত স্লট বাতিলের আবেদন জানিয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে জানা গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানিয়েছিলেন, কাতার সরকারের সহায়তায় জর্জিয়ার তিবলিসি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে রাত ৯টার দিকে দেশত্যাগ করার কথা ছিল।

বেবিচকের তথ্য বলছে, কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপের এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছিল। তবে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থা পর্যালোচনা ছাড়াই বোর্ড এ বিষয়ে অনুমতি দেবে না বলেই জানা গেছে।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তাঁকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের ১২ সদস্যের মেডিকেল টিমের সঙ্গে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত আছেন।

All Categories