খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাডামকে বহনকারী কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে।

দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাঁকে।

চিকিৎসা শেষে সেই একই বিমানে করে তিনি মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তাঁর বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তাঁকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।

দলের শীর্ষ নেতাদের অনেকে বিমানবন্দরে উপস্থিত থাকলেও, জনসমাগম এড়িয়ে সাবধানতার সঙ্গে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

All Categories