কে হচ্ছেন ডাকসুর ভিপি, জরিপ কি বলে?

প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ভোটের আগে প্রকাশিত এক জরিপে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান।

রোববার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বেসরকারি’ পরিচালিত জরিপে অংশ নেন ২৪০ জন শিক্ষার্থী—যার মধ্যে ১৮০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী।

ফলাফলে দেখা যায়, আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন আব্দুল কাদের (১৮%), তৃতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (১২%) এবং চতুর্থ স্থানে মো. আবু সাদিক (৯%)। জরিপে অন্যান্য প্রার্থীদের সমর্থন করেছেন ১১ শতাংশ ভোটার, আর ৪ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।

রোববার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। সকাল থেকে ভিসি চত্বর, মল চত্বর ও কলাভবন এলাকায় প্রার্থীদের লিফলেট বিতরণ করতে দেখা যায়। ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্যানেল শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটায়।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১,০৩৫ জন।

All Categories