কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি: সব ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ, শারীরিক অবস্থা এবং বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর ওপর নির্ভর করে আগামী রোববার তাঁকে লন্ডনে নেওয়া হতে পারে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।
এর আগে গতকাল বৃহস্পতিবারও বিএনপি মহাসচিব জানিয়েছিলেন, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন।
গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে কাতারের আমিরের পাঠানো একই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যান। সেখানে প্রায় চার মাস চিকিৎসা নিয়ে গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও তিনি বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।