কাতার-আমিরাতে ঘাঁটি ও দূতাবাসে হামলা, হরমুজের নিয়ন্ত্রণ দাবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে ধারাবাহিক হামলা-পাল্টা হামলার ঘটনায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবানন ও ইরানজুড়ে সামরিক তৎপরতার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। অন্যটি গিয়ে আঘাত হানে আল উদেইদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে। আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিবিসির যাচাই করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ড্রোন ভবনের পাশের পার্কিং লটে আঘাত হানে। পরে ভবনের ভেতরে আগুন জ্বলতে ও আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, ড্রোনটি কনস্যুলেট ভবনের পাশেই আঘাত করেছে।

কুয়েতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত কিশোরীর মা ও পরিবারের আরও চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, তেহরানে একাধিক নিরাপত্তা ও সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে  (আইডিএফ)। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ছিল ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের সদরদপ্তর, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সরবরাহ ও লজিস্টিকস অধিদপ্তর।

লেবাননের দক্ষিণ বৈরুতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইডিএফ বাসিন্দাদের জরুরি ভিত্তিতে কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। আইডিএফের মুখপাত্র আভিখাই আদরাই জানান, হারেত হ্রেইক এলাকায় অবস্থানকারীদের তাৎক্ষণিকভাবে সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ভবনগুলো লক্ষ্য করে অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস  (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে। আইআরজিসির নৌ-কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদের বিবৃতির বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রণালিটি বর্তমানে ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তবে বার্তা সংস্থা Reuters জানিয়েছে, পোলা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে গেছে। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারটি ২ মার্চ গভীর রাতে প্রণালির কাছে পৌঁছে এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। পরে মঙ্গলবার সেটিকে আবুধাবির উপকূলে দেখা যায়। বাণিজ্যিক সূত্রগুলোর দাবি, থাইল্যান্ডের জন্য আবুধাবির ‘মুরবান ক্রুড’ তুলতে জেবল ধান্না বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি।

ব্রিটিশ দৈনিক The Guardian জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে হামলার পর থেকে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক একপর্যায়ে ১১ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পড়ে গেলে সিউলে লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সূচকটি ৭ দশমিক ৭ শতাংশ পতনে স্থিতিশীল হয়। অন্যদিকে জাপানের নিক্কেই ২২৫ সূচক টোকিওতে ৩ দশমিক ৯ শতাংশ কমেছে।

ক্রমবর্ধমান এ সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও অনিশ্চয়তা গভীরতর হচ্ছে।

All Categories