কাশ্মির সীমান্তে টানা তিন রাত গোলাগুলি, ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা
ভারত-শাসিত কাশ্মিরে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের মধ্যে সীমান্তে টানা তৃতীয় রাতের মতো দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। পেহেলগামে ভয়াবহ হামলার পর থেকেই সীমান্ত অঞ্চলে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। এনডিটিভির দাবি, পাকিস্তানি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ভারতীয় সেনা পোস্টগুলোর ওপর ছোট অস্ত্র দিয়ে উসকানিমূলক হামলা চালাচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ২৬ ও ২৭ এপ্রিলের রাতের মধ্যে পাকিস্তানের সেনা সদস্যরা তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে ভারতীয় অবস্থানের ওপর ছোট অস্ত্র দিয়ে বিনা উসকানিতে গুলি চালায়। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানি সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো আলাদা প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সাম্প্রতিক এই সীমান্ত উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কূটনৈতিক ভিসা বাতিল, উভয় দেশের দূতাবাস থেকে কূটনীতিক প্রত্যাহার এবং ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে একমাত্র দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া।
বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যেকোনো সময় আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।