কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
কাশ্মীর সীমান্তে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে জানা গেছে, রাতে পাকিস্তানি সেনারা ভারতের কয়েকটি চৌকির দিকে গুলি ছোড়ে। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সামরিক সূত্র জানায়, পাকিস্তান বাহিনী ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায় এবং ভারতের নিরাপত্তা বাহিনী 'কার্যকরভাবে' তার জবাব দেয়।
এর আগে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর রেশ কাটতে না কাটতেই সীমান্তে এই গোলাগুলি সংঘটিত হলো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানও কড়া অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ ঘোষণা এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা।
এ ছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারতের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে তাদের বিশ্বাস, যে কোনো সময় ভারতীয় সামরিক পদক্ষেপ আসতে পারে। সে কারণে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
একজন পাক নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি। তবে ভারতের মতো আমাদের প্রস্তুতি নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।