কাঁচা না পাকা, কোন আম বেশি উপকারী

বৈশাখ পেরিয়ে আসতে শুরু করেছে আমের মৌসুম। গাছে গাছে এখন কাঁচা আম, শিগগিরই পাকতে শুরু করবে। কেউ পছন্দ করেন টক কাঁচা আম, কেউবা অপেক্ষায় থাকেন রসালো পাকা আমের জন্য। কিন্তু পুষ্টির দিক থেকে কোনটি বেশি উপকারী—কাঁচা, নাকি পাকা আম?

বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা ও পাকা—উভয় ধরনের আমেই রয়েছে আলাদা পুষ্টিগুণ ও উপকারিতা।

কাঁচা আমের উপকারিতা

কাঁচা আমে ভিটামিন সি-এর পরিমাণ পাকা আমের তুলনায় অনেক বেশি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি বাড়াতে এবং কোলাজেন তৈরিতে সহায়তা করে। কাঁচা আম বেশ অ্যাসিডিক হওয়ায় পাচনতন্ত্রকে সক্রিয় করে, যা খাবার হজমে সাহায্য করে।

এ ছাড়া কাঁচা আমে থাকা ডায়েটারি ফাইবার মলত্যাগ সহজ করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং মাইক্রোবায়োমকে সমৃদ্ধ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ-নিরোধক উপাদান হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

পাকা আমের উপকারিতা

পাকা আমে থাকে বিটা-ক্যারোটিন ও অন্যান্য ক্যারোটিনয়েড, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে, ত্বকের স্বাস্থ্য রক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

এ ছাড়া পাকা আমে প্রাকৃতিক চিনি বেশি থাকায় তা দ্রুত শক্তি জোগায় ও মিষ্টির চাহিদা পূরণে সহায়ক। তবে অতিরিক্ত গ্রহণের ক্ষেত্রে রক্তে শর্করার ভারসাম্য নিয়েও সতর্ক থাকতে হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, কাঁচা এবং পাকা—উভয় আমেরই নিজস্ব গুণ রয়েছে। তাই খাদ্যতালিকায় দুটি ধরনই রাখলে পাওয়া যায় পূর্ণ পুষ্টি উপকারিতা। তবে যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে পাকা আমের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

All Categories