জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে,সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের
বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। এই সংগ্রহ বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বাংলাদেশের ইনিংসের মূল শক্তি ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। বিশেষ করে, জ্যোতি তার অপরাজিত ১০১ রানের ইনিংসের মাধ্যমে বড় একটি কীর্তি স্থাপন করেন। মাত্র ৮০ বলে ১৫টি চার এবং ১টি ছয়ে এই সেঞ্চুরি করেন তিনি, যা নারী ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।
এছাড়া শারমিন আক্তার সুপ্তাও দারুণ খেলে ১২৬ বলে ১১টি চারের সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন। এই জুটিতে ১৪১ বলে ১০৪ রান যোগ হয়, যা বাংলাদেশকে ম্যাচে শক্ত অবস্থানে নিয়ে যায়।
ইনিংসের শুরুতে বাংলাদেশ দ্রুত ইশমা তানজিমের উইকেট হারায়। ১৩ বলে ৮ রান করে তিনি সাজঘরে ফিরে যান। তবে এরপর শারমিন ও ফারজানা হক পিংকি একে অপরকে সাহায্য করে দলের স্কোর বোর্ডে জমা করেন প্রয়োজনীয় রান। ২৮ ওভার শেষে ফারজানা ৫৩ রান করে আউট হন, তার ৮২ বলের ইনিংসে ছিল ৪টি চার।
থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং এবং ওন্নিচা কামচোংপু একটি করে উইকেট শিকার করেন।