জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তাকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পলক ইতোমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।

মামলার অন্য তিন আসামি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় দেশে নেই; তিনি বিদেশে অবস্থান করছেন।

All Categories