জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি–জামায়াত ও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’–এ স্বাক্ষর করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর হয়।
অনুষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন।
এর আগে বিকেল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, কূটনীতিক এবং বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট দেরি হয়।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। জুলাই জাতীয় সনদ সেই লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘এই অগ্রযাত্রায় দেশের প্রতিটি নাগরিকের ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলোর মত ও পথের পার্থক্য থাকলেও সবাইকে এই প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।’
এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় উত্তেজনা দেখা দেয়। ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তাদের এলাকা থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিক্ষোভকারীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ঘটনায় কয়েকজন আহত হন।