জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার জেরে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার সংস্থাটির ভিয়েনা সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের অনুরোধে এবং রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার সমর্থনে এ বৈঠক ডাকা হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে ইরান শুরুতে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করেছিল, যেখানে ইসরায়েলি হামলার নিন্দা জানানো হতো। তবে কূটনৈতিকভাবে পর্যাপ্ত সমর্থন না পাওয়ার আশঙ্কায় তেহরান এখন একটি সাধারণ বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই বিবৃতিতেও ইসরায়েলের সামরিক অভিযানকে আক্রমণাত্মক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হবে।
তেহরান দাবি করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও আইএইএর বোর্ডকে অবশ্যই ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইরান বলছে, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক নিরাপত্তা রক্ষায় সংস্থার নিরপেক্ষ অবস্থান বজায় রাখাই এখন জরুরি।
তবে পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক থেকে ইরান–ইসরায়েল চলমান উত্তেজনা কমিয়ে কোনো যুদ্ধবিরতির বার্তা আসার সম্ভাবনা খুবই কম। বরং পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মনে করছেন তারা।
আইএইএর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। তবে সংস্থার অভ্যন্তরীণ সূত্র বলছে, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রগুলোর আচরণ নিয়েই মূল আলোচনা হবে।
সম্প্রতি ইসরায়েলের চালানো হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক গবেষণা ও সেনা স্থাপনায় ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে তেহরান।