জঙ্গিদের কোমর ভাঙব,মদতদাতারাও রেহাই পাবে না, মোদীর হুঁশিয়ারি
কাশ্মীরে সন্ত্রাসী হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “যারা ভারতের আত্মার উপর আঘাত করেছে, তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনারও অতীত।
বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে এক জনসভায় মোদী বলেন, যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে, তাদের প্রত্যেককে খুঁজে বার করা হবে, চিহ্নিত করা হবে এবং শাস্তি দেওয়া হবে। শাস্তি থেকে রেহাই পাবে না তাদের মদতদাতারাও।
মোদী আরও বলেন, কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। কেউ হারিয়েছেন নিজের সন্তান, কেউ জীবনসঙ্গী, কেউ ভাই।
প্রধানমন্ত্রী বলেন, এই হামলা কেবল কয়েকজন নিরীহ পর্যটকের ওপরই হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।
বিহারের মধুবনীর এক সরকারি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে নিহতদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করেন মোদী। এরপর ‘ওঁ শান্তি’ মন্ত্রপাঠ করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
মঞ্চ থেকে মোদীর হুঁশিয়ারি, “যারা আমাদের ওপর এই আঘাত এনেছে, তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই তোমরা কল্পনাও করতে পারবে না, আমরা কী ধরনের শাস্তি দেব।
ভারত সরকার ইতোমধ্যেই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, এই হুঁশিয়ারির মাধ্যমে সরকার জঙ্গি দমন নীতিতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।
কাশ্মীরের এই সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত কয়েকজনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কাশ্মীর উপত্যকায় একাধিকবার নিরীহ নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তবে প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য ভারত সরকারের কঠোর অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরছে।