জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা:দাবি ভারতের
ভারত-শাসিত জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। হামলার ফলে এসব এলাকায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় আচমকা হামলা শুরু করে পাকিস্তান। হামলার পর পরই ওইসব এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়।
এএনআইয়ের বরাতে ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, জম্মুর আরনিয়া, আরএসপুরা, সাম্বা ও সাতওয়ারি এলাকায় লক্ষ্য করে পাকিস্তান অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়ে।
স্থানীয়দের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে জম্মু-কাশ্মীরের আকাশে আলোর ঝলকানি ও বিস্ফোরণের শব্দ দেখা যায়। ধারণা করা হচ্ছে, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করার সময় এই দৃশ্যের সৃষ্টি হয়।
পাঞ্জাবের ফিরোজপুর ও গুরুদাসপুর এবং রাজস্থানের কিছু অংশেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। সেসব এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
হামলার কারণে জম্মু শহরের কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ রয়েছে। এতে করে স্থানীয়রা আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
এদিকে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএল ম্যাচে এর প্রভাব পড়েছে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ম্যাচ চলাকালে হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এরপর নিরাপত্তার শঙ্কায় আইপিএল কর্তৃপক্ষ স্টেডিয়াম খালি করতে বলে এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে।