জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবিত থাকলে ইসরায়েল এমন ‘অপকর্ম’ করার সাহস পেত না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত এই র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিন নয়, ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। অথচ মুসলিম বিশ্বের নেতৃত্ব চুপ করে আছে। এই নীরবতা এক ধরনের সম্মতি। বাংলাদেশি অনেক যুবক ফিলিস্তিনের হয়ে লড়ছে, অথচ রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া নেই।

জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জাতিসংঘ যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই অত্যাচার চলতেই থাকবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে ইসরায়েল।

প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী দেশেও মুসলমানদের ওপর নির্যাতন চলছে। কিন্তু আমাদের রাষ্ট্র তার প্রতিবাদ করছে না।

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি সব সময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। কিন্তু এখনো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফিলিস্তিন নিয়ে কোনো অবস্থান আমরা শুনিনি। সুশীল সমাজও নিশ্চুপ।

তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভক্তির কারণেই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে। ভারতের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, যুক্তরাষ্ট্রও পাশে আছে। অথচ ফিলিস্তিনের পক্ষে কেউ জোরালো অবস্থান নিচ্ছে না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দিতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ ব্যস্ত নয়।

র‌্যালিতে বিএনপির নেতারা ফিলিস্তিনের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা।

All Categories