জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন। বুধবার (২ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে টিআরটি গ্লোবাল এ তথ্য প্রকাশ করেছে।

গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিতের জন্য একটি আইন অনুমোদন করেছিল। এরপর তা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এর ফলে ইরান আনুষ্ঠানিকভাবে আইএইএ’র সঙ্গে বিদ্যমান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। এছাড়া দেশটির অভিযোগ ছিল, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার পর কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি আইএইএ।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা হামলা চালায় ইরান। সংঘর্ষ ১২ দিন স্থায়ী হয়। এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২৪ জুন মার্কিন পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতির কার্যকর মাধ্যমে সংঘাত বন্ধ হয়।

ইরানের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পারমাণবিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে। পরবর্তী সময়ে এ নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

All Categories