জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্র গেলে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি?
আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরটি হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আর সম্ভাবনার পেছনে অনেক ‘যদি-কিন্তু’ জড়িত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও রয়টার্স সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ নির্ধারিত রয়েছে। সম্মেলন চলবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, যদিও পরিস্থিতি অনুযায়ী বক্তৃতার সূচি পরিবর্তিত হতে পারে।
যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক বর্তমানে শুল্ক ও বাণিজ্য টানাপোড়েনে জর্জরিত। মার্কিন প্রশাসন প্রথমে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে এবং পরবর্তীতে রাশিয়া থেকে তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ ‘জরিমানা শুল্ক’ যোগ করে, ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশ। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি যদি ভারতের কাছে সম্মানজনক না হয়, তবে সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের আমন্ত্রণে মোদি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। তখন ট্রাম্প তাঁকে পাশে বসিয়ে ভারতকে ‘ট্যারিফ কিং’ আখ্যা দিলেও সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে শুল্কনীতি নিয়ে ভারত হতাশ হয়।
এ মাসের শেষের দিকে মোদি জাপান সফর করবেন, এরপর তিনি যাবেন চীনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর পৃথক বৈঠক হবে। বিশেষজ্ঞদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের অগ্রগতি অনেকটাই প্রভাব ফেলতে পারে নিউইয়র্কে মোদি–ট্রাম্প বৈঠকের সম্ভাবনায়।