জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির চলছে বৈঠক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য সৈয়দ ইফতেখারুজ্জামান ও মনির হায়দার এবং নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।
এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের আরও দুই নেতা।
বৈঠকে নির্বাচন ব্যবস্থার সংস্কার, কমিশনের প্রস্তাবনাসমূহ এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে গত ১৭ এপ্রিল কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল।
গত ২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দেয় এনসিপি। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে দ্বিমত পোষণ করে দলটি। এনসিপির মতে, যেসব সুপারিশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আর সংবিধান-সম্পর্কিত বিষয়ে গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মত দিয়েছে তারা।