জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যে তারিখই ঘোষণা করুক, আমরা প্রস্তুত আছি।
বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল শেখ হাসিনার রায়-পরবর্তী জনমতের প্রতিক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার অপরাধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।
রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধের মাত্রা বাড়ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।
সাম্প্রতিক মতপ্রকাশের পরিবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে, যা বিগত ১৫ বছরে সম্ভব হয়নি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন উপস্থিত ছিলেন।