জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ সদস্যদের। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে।

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়া উদ্দিন জানান, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি হয়েছে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর নেতৃত্বে।

প্রশিক্ষণ কার্যক্রমে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও–ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি বুকলেট ব্যবহার করা হবে। গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা রয়েছে। এঁরাই পরবর্তীতে মাঠপর্যায়ের দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি জিয়া উদ্দিন বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী মহড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠান আয়োজন করবে পুলিশ সদর দপ্তর।

সূত্র : বাসস

All Categories