জাতীয় নির্বাচন: সেনাবাহিনী প্রস্তুত, ইসির আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা

আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী তার দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। তবে সরকার থেকে নির্দেশনা পেলেও এখনো নির্বাচন কমিশন (ইসি) থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। সেনাবাহিনী আশা করছে, শিগ্রিই কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা মিলবে।

সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম আজ সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠে কাজ করবে। ইতিমধ্যে নিজেদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, কমিশন থেকে অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই অনুযায়ী আমরা কাজ করব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং ব্যালট ছিনতাই নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে কর্নেল শফিকুল বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তবে এই নির্বাচন গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি অভিযোগ করেন, “সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এর উদ্দেশ্য মানুষ জানে। এসব প্রোপাগান্ডা কেউ বিশ্বাস করে না। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ৫ আগস্ট হারানো অস্ত্র উদ্ধারের বিষয়ে কর্নেল শফিকুল জানান, ইতিমধ্যে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। বাকিগুলোও দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন, এটা শুধু সেনাবাহিনীর কাজ নয়। সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোথাও সমন্বয়হীনতার কারণে কিছুটা দেরি হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মোব (গণপিটুনি) পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সোর্স থেকে তথ্য পেতে দেরি হওয়ায় কখনো ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে কখনো মব হতে দেওয়া হয়নি। রাজবাড়ীতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছায়—এর পরও উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনায় কর্নেল শফিকুল বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম। তাঁদের প্রতি সেনাবাহিনী সব সময় শ্রদ্ধা ও সম্মান রেখে চলেছে।

সেনাবাহিনী ব্রিফিংয়ে দেশের ভোটার ও জনগণকে নিশ্চয়তা দিয়েছে, তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করবে।

All Categories