জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনটির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

তিনি অভিযোগ করেন, ‘আমরা জানতাম এই নির্বাচন পাতানো হবে। তাজউদ্দীন হলে ভোটার তালিকায় ছবি না থাকায় দুই ঘণ্টা ভোট বন্ধ ছিল। ২১ নম্বর হলে ছাত্রশিবির মব সৃষ্টি করেছে। জাহানারা ইমাম হলে একই ঘটনা ঘটেছে। মেঘলার কারচুপির কারণেও ভোট বন্ধ ছিল। মেয়েদের হলে আইডি কার্ড বদলে একই ছাত্রী একাধিকবার ভোট দিয়েছে, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি। তাই আমরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অধিকাংশ কেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি, ফলে একজন ভোটার একাধিকবার ভোট দিতে পেরেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে ভোটার ৫,৩১৩ জন এবং ছাত্রীদের ১০টি হলে ৬,৬০৬ জন।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। অংশ নিয়েছে বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত আটটি প্যানেল। মোট ২১ ভোটকেন্দ্রে ২২৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এদিন ক্যাম্পাসে মোতায়েন করা হয় ১ হাজার ৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসের ভেতর ও বাইরে অবস্থান নেন।

All Categories