ইউল্যাব জয়ী এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ক্রিকেট ফাইনাল
জমকালো ফাইনালসহ বর্ণিল পরিবেশে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ক্রিকেট প্রতিযোগিতা। শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ৫৩ রানের ব্যবধানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা অর্জন করে।
দুই দলের খেলোয়াড়দের পারদর্শিতা, দলীয় সমন্বয় এবং দৃঢ় মনোভাব ফাইনালে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এবিজি স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচ উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহ। এছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বিদ্যুৎ কুমার ভৌমিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রিকেট এবং ফুটবল উভয় বিভাগে বিজয়ী এবং রানার্সআপ দলকে নির্ধারিত অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
এবিজি স্পোর্টস সিটির আয়োজনে এবং আনভীর বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত এবিজি ইউনিভার্সিটি কাপের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ প্রতিভা বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সম্মিলিত বন্ধুত্ব গড়ে তোলা। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য রাখা হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত তালিকা:
চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
ম্যাচসেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)